
উত্তরের জেলা দিনাজপুরে বর্তমানে মাঠজুড়ে লাল টমেটোর সমারোহ দেখা যাচ্ছে। বিশেষ করে সদর উপজেলার গাবুরার বাজারে প্রতিদিন ভোর থেকে বসছে টমেটোর বিশাল হাট। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রতিকূল থাকায় এবার টমেটোর ফলন আশানুরূপ হয়নি, ফলে দিনাজপুরের টমেটোর চাহিদা দেশজুড়ে তুঙ্গে রয়েছে। বর্তমানে গাবুরার বাজারে প্রতি মণ টমেটোর দাম ১২০০ টাকা থেকে শুরু হয়ে কোয়ালিটি অনুযায়ী আরও বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে গত কয়েক বছরের তুলনায় এবারের মৌসুমে কৃষকেরা অনেক বেশি লাভের মুখ দেখছেন।
তবে এই আনন্দের মাঝেই গতরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি চাষিদের জন্য বিষাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন এবং গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় চাষিরা বিপাকে পড়েছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই অসময়ের বৃষ্টি টমেটো ক্ষেতের জন্য বড় শত্রু হিসেবে দেখা দিয়েছে। বৃষ্টির পানি টমেটোর গায়ে লাগার ফলে এবং জমিতে জলবদ্ধতা তৈরি হলে টমেটো দ্রুত পচে যেতে পারে। বৃষ্টির কারণে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও বাজারে নিয়ে আসা বিশেষভাবে কঠিন হয়ে পড়েছে।
গাবুরার বাজারে আসা বেশ কয়েকজন চাষি জানিয়েছেন, "এবার আমরা ভালো দাম পাচ্ছি।" মণে ১২০০ টাকার উপরে দাম পাওয়ায় লোকসান পুষিয়ে লাভের মুখ দেখছিলাম। কিন্তু বৃষ্টির কারণে যদি টমেটো পচে যায়, তাহলে আমাদের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আড়তদারদের বক্তব্য, বৃষ্টির কারণে পাইকারি ক্রেতাদের আসা-যাওয়া কঠিন হয়ে পড়ছে, যা বাজার দরকে কিছুটা অস্থিতিশীল করতে পারে।
জেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি যদি বেশিক্ষণ স্থায়ী হয় তবে টমেটো ক্ষেতে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে দিনাজপুরের কৃষকদের এই 'আশাজনক' মৌসুমে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।